ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন ঘিরে পরস্পরবিরোধী তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশে ফেরার প্রস্তুতি হিসেবে শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এমন কোনো আবেদন পায়নি।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স জানায়, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিটি দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের উদ্দেশে পাঠানো হয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ওই চিঠি তারা দেখেছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতা হারিয়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের উদ্যোগ এটি।
চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন সনদের আওতায় বাংলাদেশের দায়িত্বের বিষয়টি তুলে ধরে আবেদন দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন আইনজীবীরা।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গেও এই উদ্যোগের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
তবে পাসপোর্টের আবেদনসংক্রান্ত এই খবরের বিপরীতে ভিন্ন তথ্য প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব।
পত্রিকাটির প্রতিবেদনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন-সংশ্লিষ্ট কূটনৈতিক এবং সরকারি সূত্রের বরাতে দাবি করা হয়েছে, শেখ হাসিনা কিংবা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে এমন কোনো আবেদন বা চিঠি এখনো পাওয়া যায়নি।
ফলে চিঠি পাঠানোর তথ্য এবং সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য তৈরি হয়েছে।
অন্যদিকে রয়টার্সের মূল প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাওয়া হলেও দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসার পেছনে রয়েছে তাঁর বিরুদ্ধে চলমান আইনি পরিস্থিতি।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে প্রকাশিত তথ্য রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত চিঠি গ্রহণ ও আবেদন প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।














মন্তব্যসমূহ