গাজীপুরের টঙ্গীতে নয় বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক ও জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার (৯ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেনকে (২৪) গ্রেপ্তার দেখায়। এর আগে রোববার (৮ নভেম্বর) রাতে তাঁকে আটক করা হয়েছিল।
রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসার শিক্ষক। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায়।
মামলার এজাহার অনুযায়ী, গত বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদরাসায় অবস্থানকালে শিশুটিকে নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক রাব্বি হোসেন ইস্ত্রি দিয়ে শিশুটির শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেন।
পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির মা তাকে মাদরাসা থেকে বাড়িতে নিতে যান। এ সময় তিনি সন্তানের ওপর নির্যাতনের বিষয়টি জানতে পারেন।
ঘটনার তিন দিন পর রোববার রাতে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, জিজ্ঞাসাবাদে নির্যাতনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শিক্ষক রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।
এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আরেকটি মাদরাসায় শিশু নির্যাতনের অভিযোগ ওঠে। টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমি অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মেরেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গ্রেপ্তারের পর থেকে অভিযুক্ত শিক্ষক কারাগারে রয়েছেন।














মন্তব্যসমূহ