বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নতুন পাসপোর্ট ও নবায়নের ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাসপোর্ট কর্তৃপক্ষকে আগামী ৬০ দিনের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে।রোববার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।[BANGVIEWS-POST:2965] আদালত পাসপোর্ট কর্তৃপক্ষকে ৬০ দিনের মধ্যে জমে থাকা আবেদন নিষ্পত্তির পাশাপাশি ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।একই সঙ্গে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে। আবেদনগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত। আরেক অন্তর্বর্তী আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে দেশের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে চিঠি পাঠাতে বলা হয়েছে। ওই চিঠির মাধ্যমে প্রবাসীদের জমা দেওয়া নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।এই নির্দেশনা বাস্তবায়নে কী অগ্রগতি হয়েছে, তা ৩০ দিনের মধ্যে আদালতে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।গণমাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট পেতে দীর্ঘ বিলম্বের অভিযোগ প্রকাশিত হওয়ার পর মানবাধিকার ও শান্তির জন্য বাংলাদেশ বা এইচআরপিবির পক্ষে রিটটি করা হয়। রিট আবেদনকারীরা হলেন আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, রিপন বাড়ৈ ও মাহবুবুল ইসলাম।[BANGVIEWS-POST:2967]মামলায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, আইন সচিব এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৪ জনকে বিবাদী করা হয়েছে। রিটকারীদের ভাষ্য, পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রবাসী বৈধভাবে অবস্থান, চাকরি, ভ্রমণ ও অন্যান্য প্রশাসনিক কাজে সমস্যার মুখে পড়ছেন। হাইকোর্টের এই আদেশ কার্যকর হলে ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির পথ তৈরি হবে।