ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইন ও অপরাধ

পল্লবীর সন্ত্রাসবিরোধী মামলায় আইনজীবী আবুল বাশার কারাগারে

রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আইনজীবী আবুল বাশারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।এর আগে বিকেলে সিএমএম আদালতের হাজতখানা থেকে আবুল বাশারকে এজলাসে হাজির করা হয়। এ সময় আদালতকক্ষে বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। পরিস্থিতি বিবেচনায় পরে এজলাসের নিরাপত্তা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।আদালতে আবুল বাশার নিজের পক্ষে ওকালতনামা দাখিল করে শুনানিতে অংশ নেন। তার পক্ষে জামিনের আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে আদালতে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত আবুল বাশারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার নথি থেকে জানা যায়, গত ৩১ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে পল্লবী মেট্রোরেল এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী ও বৈরী স্লোগান দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। তবে এ সময় আরও কয়েকজন পালিয়ে যান। ঘটনার পর পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সোহান মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।মামলাটিতে আবুল বাশারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন প্রত্যাখ্যান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্লবীর সন্ত্রাসবিরোধী মামলায় আইনজীবী আবুল বাশার কারাগারে