রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত নারী ও শিশুদের সুরক্ষায় নেওয়া উদ্যোগ পরিদর্শনে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তার এ সফর চলবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তিনি। সফরকালে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
ঢাকায় অবস্থানকালে ডাচেস অব এডিনবার্গ বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নের মতো অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের একটি গুরুত্বপূর্ণ অংশে কক্সবাজার যাবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন। পাশাপাশি বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কর্মসূচি সম্পর্কেও জানবেন তিনি।
শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা ও নেতৃত্বের বিকাশ, পুনর্বাসন, নিরাপত্তা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করে সেবা দেওয়ার বিভিন্ন উদ্যোগও তার পরিদর্শনের আওতায় থাকবে। বাস্তুচ্যুতির মতো কঠিন পরিস্থিতিতেও নারী ও শিশুরা কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাচ্ছে, তা পর্যবেক্ষণ করবেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার অংশীদারত্বের গভীরতা ও বিস্তৃতি তুলে ধরে—এমন বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস অব এডিনবার্গ।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশ সফরও সেই ধারাবাহিক কর্মসূচির অন্তর্ভুক্ত।
এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস সোফি।














মন্তব্যসমূহ