শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৪ ও ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা কার্যক্রমের আওতায় শিল্পাঞ্চলগুলোর গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানাসংলগ্ন এলাকায় আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার গার্ড ব্যাটালিয়ন, ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, ফতুল্লা, বিসিক শিল্পাঞ্চল ও কাঁচপুর এলাকায় দায়িত্বে রয়েছেন নবাবগঞ্জ, গোপালগঞ্জ ও মাদারীপুর আনসার ব্যাটালিয়নের চার প্লাটুন সদস্য।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। সার্বিক তদারকিতে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী এবং সংশ্লিষ্ট দুই জেলার জেলা কমান্ড্যান্টরা।
এ ছাড়া গাজীপুরে উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মো. শাহীন মিয়া নিরাপত্তা কার্যক্রম সমন্বয় করছেন।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর গোয়েন্দা ইউনিটের পাশাপাশি স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরাও কাজ করছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, বিশেষ নিরাপত্তা কার্যক্রমের ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রম সচল রয়েছে।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ফলে শিল্পাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।














মন্তব্যসমূহ