প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের অডিও-ভিডিও সংক্রান্ত অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। তাঁর অভিযোগ, আলেমদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় আল্লাহর কাছে বিচারও চেয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী পশ্চিমপাড়া এলাকায় আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আমির হামজা।
মাহফিলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে উদ্দেশ করে কঠোর সমালোচনা করেন তিনি। রাশেদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই সংসদ সদস্য।
আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখবেন... নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত, আমার মনে হয় রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগত। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। ওর কী যোগ্যতা আছে, রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে আমির হামজা অতীতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঘিরে ছড়িয়ে পড়া একটি কথিত অডিওর কথা উল্লেখ করেন।
তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রিমান্ডে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তাঁকে একটি অডিও শুনিয়েছিলেন। সেখানে এক নারীর সঙ্গে কথোপকথনে সাঈদীর কণ্ঠ ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
আমির হামজার অভিযোগ, সে সময় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে আলেমদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। বর্তমানেও একই ধরনের চেষ্টা চলছে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে মাহফিলে তিনি বলেন, ‘এখন আবার শুরু করছে আলেমদের বিরুদ্ধে। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম, এই বগুড়ার মাটিতে বদদোয়া দিয়ে গেলাম। আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
বক্তব্যের একপর্যায়ে বর্তমান বিতর্কের পেছনে ভারতের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন আমির হামজা। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এদিকে নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাহফিলের মঞ্চে ওঠেন আমির হামজা। সেখানে তিনি প্রায় সোয়া এক ঘণ্টা বক্তব্য দেন। মাহফিলে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার মানুষের উপস্থিতি ছিল।
এর আগে ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আমির হামজার নারীসংক্রান্ত কথোপকথনের অডিও ও ভিডিও নিজের কাছে থাকার দাবি করেন রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ দাবি করেন, এসব অডিও-ভিডিও যাচাই করে তিনি তথ্যের সত্যতা পেয়েছেন। একই সঙ্গে কথিত কথোপকথনের কিছু অংশ প্রকাশ করেন এবং অডিওর লিংক মন্তব্যের ঘরে যুক্ত করার কথা জানান।
প্রকাশিত অডিওতে এক ব্যক্তিকে অনুতপ্ত হওয়ার কথা বলতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করতে শোনা যায়।
তবে অডিওতে কথা বলা ব্যক্তির পরিচয় এবং রেকর্ডিংটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। রাশেদ খাঁনের দাবি করা ভিডিওগুলোর বিষয়েও বিস্তারিত যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে রাশেদ খাঁনের অভিযোগ প্রত্যাখ্যান করে একে আলেমদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার হিসেবে তুলে ধরেছেন আমির হামজা।














মন্তব্যসমূহ