ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বাংলাদেশি পাসপোর্ট চাওয়ার উদ্যোগকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না।
সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও আদালতে আত্মসমর্পণের ইচ্ছা নিয়ে প্রসিকিউশনের আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এ জন্য মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
এর আগে সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যভিত্তিক ম্যাট্রিক্স চেম্বারসের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের উদ্দেশে পাঠানো ওই চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথাও উঠে এসেছে।
তবে তাঁর দেশে ফেরার এই পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পাসপোর্ট চাওয়ার উদ্যোগকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তিনি।














মন্তব্যসমূহ