জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সফরে জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে কপ-৩১ সম্মেলন। আগামী ১০ থেকে ১২ নভেম্বর সেখানে প্রধানমন্ত্রীর সফর ও অংশগ্রহণের কর্মসূচি রয়েছে। সম্মেলনের বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হবে ১১ ও ১২ নভেম্বর।
পররাষ্ট্র সচিব জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকার ও অবস্থান সম্মেলনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। বিশেষ করে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এবং কার্বন নিঃসরণে বেশি দায়ী দেশগুলোর দায়িত্ব পালনের বিষয়গুলো আলোচনায় থাকবে।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের থাকার কথা রয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরাই হবে এবারের সম্মেলনে দেশের অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।














মন্তব্যসমূহ