ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনা আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন: রিজভী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর বক্তব্য, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও কারাবাসের সময় আওয়ামী লীগ সরকারের নেতারা আদালতের স্বাধীনতার কথা বলতেন। এখন শেখ হাসিনা কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি।সোমবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভাটির আয়োজন করে জিয়া পরিষদ।রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে রাখা হয়েছিল। সে সময় বিএনপি প্রতিবাদ জানালে তৎকালীন সরকারের আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদালত এবং আইন নিজস্ব গতিতে চলার কথা বলতেন।সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী প্রশ্ন করেন, শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তো তার নিজস্ব গতিতেই চলবে।বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, ক্ষমতা হারানোর পরও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আবার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। মানুষের ওপর নির্যাতন চালিয়ে আগের ক্ষমতা ফিরে পাওয়ার কল্পনা করছেন বলেও মন্তব্য করেন তিনি।রিজভীর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা মনে করছেন, প্রতিবেশী দেশ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিলে দেশের ১৮ কোটি মানুষ তা মেনে নেবে। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতি মানুষ ভুলে যায়নি বলে দাবি করেন তিনি।তাঁর বক্তব্যে দেশের অতীত রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গও উঠে আসে। রিজভী বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। ভবিষ্যতেও এমন পরিস্থিতি তৈরি হলে জনগণ একইভাবে প্রতিবাদ করবে বলে তিনি মনে করেন।আলোচনা সভায় ৭ নভেম্বরের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দিনটির চেতনা মানুষের অধিকার রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অত্যাচারী শাসনের পতনের সঙ্গে সম্পর্কিত।তাঁর মতে, দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে মানুষ স্বাধীনভাবে কথা বলা, মিছিল কিংবা সমাবেশ করার সুযোগ হারায়। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বরের চেতনা জনগণকে অধিকার আদায়ের আন্দোলনে উদ্বুদ্ধ করে।১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, এসব আন্দোলনেও ৭ নভেম্বরের চেতনা মানুষকে প্রেরণা জুগিয়েছে।ভবিষ্যতে যেকোনো কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জনগণ এই চেতনায় ঐক্যবদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

শেখ হাসিনা আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন: রিজভী