দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও নাঈম শেখ। গোড়ালির চোটে সাদমান ইসলাম ছিটকে যাওয়ায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রবিন। অন্যদিকে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন নাঈম।
সোমবার (৯ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালিতে চোট পান সাদমান। সেই চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে পারছেন না তিনি।
সাদমানের অনুপস্থিতিতে নতুন ওপেনার হিসেবে রবিনকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। তাঁর দলে অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, 'অনেক দিন ধরেই আমরা একজন ডানহাতি ওপেনার খুঁজছি, মাহফিজুলকে দেখে মনে হচ্ছে সে প্রস্তুত। এই রিস্কটা নিতেই হতো। যেহেতু 'এ' দলের হয়ে সাউথ আফ্রিকায় সে ভালো করেছে, তাই স্কোয়াডে রাখা হয়েছে।'
এদিকে সাদমানের পাশাপাশি চোটের কারণে বিবেচনার বাইরে চলে গেছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ফলে নির্বাচকদের নতুন বিকল্প খুঁজতে হয়েছে।
নাঈম শেখকে ফেরানোর কারণ জানিয়ে প্রধান নির্বাচক বলেন, 'সাউথ আফ্রিকা সিরিজে ইনজুর্ড সাদমান নেই। জয়কে নিয়ে ভেবেছিলাম তবে জয়ও ইনজুরিতে। নাঈম শেখকে নেওয়া হয়েছে, সে ফর্মে আছে। আরেকজন ওপেনার মাথায় ছিল। মাহমুদুল হাসান জয় আনফরচুনেটলি, গতকাল বিকেলে মেডিকেল কারণে রুলড আউট হয়ে যায়।'
দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। টেস্ট সিরিজ শেষে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগাররা।
আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।














মন্তব্যসমূহ