রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৬ অক্টোবর এ বিষয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী শুনানি পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। আসামিপক্ষ সময় চাইলে আদালত ২৪ সেপ্টেম্বর নতুন দিন রেখেছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, আনিসুল হকের নামে বনানী থানার আওতায় একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া নির্দিষ্ট সময়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং ওই বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।
তদন্তসংশ্লিষ্ট অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হকের ওই অস্ত্র থানায় জমা দেওয়ার তথ্য পাওয়া যায়নি এবং এ বিষয়ে থানাকেও অবহিত করা হয়নি। পরে বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯(১) ধারায় মামলাটি করেন। তদন্ত শেষে পুলিশ আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।
২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।