আধুনিক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) ঢাকায় বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এয়ার অফিসার্স সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব দিকনির্দেশনা দেন তিনি।
সম্মেলনে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে হাসান মাহমুদ খাঁন বলেন, দেশের আকাশসীমা সুরক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বিমানবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এ দায়িত্ব যথাযথভাবে পালনে বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি মানবসম্পদের সঠিক ব্যবহার ও নৈতিক শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিমানবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিমানবাহিনী প্রধান। পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার জন্য তিনি বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
দেশসেবায় বিমানবাহিনীর প্রত্যেক সদস্য ভবিষ্যতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় কর্মরত এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তারা এবং বিমান সদরের পরিচালকরা অংশ নেন। এ ছাড়া ঢাকার বাইরে দায়িত্ব পালনরত সংশ্লিষ্ট এয়ার অফিসাররা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।














মন্তব্যসমূহ