সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ভাঙতে হবে বাংলাদেশকে। তবে কঠিন সমীকরণ সামনে থাকলেও ৩৫০ রানের লক্ষ্য তাড়া করে জয়ের সম্ভাবনা দেখছেন তাওহিদ হৃদয়।
প্রথম ইনিংসে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ আবার সফরকারীদের হাতে। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের চেয়ে ৩১৫ রান বেশি।
বাংলাদেশের ২৬ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ফলে শেষ দিনে ৩৫০ রানের লক্ষ্য পেলে সেটি অতিক্রম করে নতুন ইতিহাস গড়তে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘এখন পর্যন্ত পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। আগামীকাল অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। শুরুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি শুরুটা ভালোভাবে করতে পারি, ৩৫০ রান তাড়া করা সম্ভব বলে আমার মনে হয়।’
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪০ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন কাভেম হজ। শেষ দিনে কখন ইনিংস ঘোষণা করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি তিনি। পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এই ব্যাটার।
হজ বলেন, ‘তাদের (বাংলাদেশ) মানসিকতা কী হবে, তা বলা মুশকিল। আগেই বলেছি, আমাদের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। তারা যখন ব্যাট করতে নামবে, তখন হয়তো তাদের লক্ষ্য সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। তবে আপাতত আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারি।’
শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস কতক্ষণ চলবে এবং বাংলাদেশকে শেষ পর্যন্ত কত রানের লক্ষ্য দেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে হৃদয়ের বিশ্বাস, ভালো শুরু পেলে বড় লক্ষ্যও পেরিয়ে যেতে পারে বাংলাদেশ।














মন্তব্যসমূহ