সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মাত্র এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে বিভিন্ন আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ৪৩টি আবাসন আইনসংক্রান্ত। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ৩ হাজার ১৯১টি এবং শ্রম আইন ভঙ্গের ২ হাজার ৩৫৩টি ঘটনা রয়েছে।
অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১ হাজার ৬৭৮ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করায় গ্রেপ্তার হয়েছেন আরও ১৮ জন। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২৯ জনকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী।
আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
অবৈধ অভিবাসন ও এ কাজে সহযোগিতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।
এ ছাড়া এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।
সূত্র: গালফ নিউজ














মন্তব্যসমূহ