আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর আশায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে ভয়াবহ নৌকাডুবির শিকার হয়েছেন অভিবাসনপ্রত্যাশীরা। পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূলে এ দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র একজনকে। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমে বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছাকাছি নৌকাটি ডুবে যায়।
সেনেগালের সংবাদমাধ্যম লে সোলেইলের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের অধিকাংশই কেবেমে বিভাগের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সমুদ্রপথটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারসের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। শনিবার এ ঘোষণা দেওয়া হয়।
দ্বীপ প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী এল হিয়েরোতে পৌঁছেছেন।














মন্তব্যসমূহ