রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয় প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিং এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পার্কিংয়ে রাখা একটি গাড়ির বনেটের ওপর ককটেলটি পড়ে বিস্ফোরিত হয়।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সরেজমিনে দেখা যায়, সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
এদিকে বিস্ফোরণের স্থান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।














মন্তব্যসমূহ