বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি হবেন দেশের ২৯তম পররাষ্ট্র সচিব। তাঁর নিয়োগের মধ্য দিয়ে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সালাহউদ্দিন নোমানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়ার আগে সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আগে সরকার তাঁকে জাতিসংঘ থেকে ঢাকায় ফিরিয়ে আনে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও তিনি সফরসঙ্গী ছিলেন।
এর আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। কূটনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর এবার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ প্রশাসনিক পদে আসছেন তিনি।
অন্যদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা আসাদ আলম সিয়াম নতুন কর্মস্থল হিসেবে দিল্লিতে যাচ্ছেন। সেখানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।














মন্তব্যসমূহ