বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। সরকারের চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কীভাবে আরও বিস্তৃত পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন দিক নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন। দেশের প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা আরও কার্যকরভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও সংস্কার প্রক্রিয়ার সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে জাতিসংঘের আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।