বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন করে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘অ্যাম্বাসাডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ কর্মসূচির আওতায় এ অর্থ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
মার্কিন রাষ্ট্রদূত জানান, গত ২৫ বছরে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১৩টি প্রকল্পে ১০ লাখ মার্কিন ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।
বর্তমানে এ তহবিলের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত মুঘল আমলের মুসা খান মসজিদের স্থাপত্যবৈশিষ্ট্য পুনরুদ্ধারের কাজ চলছে। পাশাপাশি মসজিদটির ডিজিটাল আর্কাইভ তৈরি এবং তরুণ স্থপতিদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া পুরান ঢাকার শাঁখারীবাজার, লালবাগ কেল্লার একটি অংশ এবং বরেন্দ্র গবেষণা জাদুঘর সংরক্ষণ ও আধুনিকায়নে এই তহবিল থেকে সহায়তা দেওয়া হয়েছে।
বাউল গান, জামদানি তাঁতশিল্প এবং প্রাচীন ধাতব ঢালাইসহ বাংলাদেশের বিভিন্ন অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও দলিল তৈরির কাজেও যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে।
বৈঠকে সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা, যৌথভাবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব আয়োজন এবং শিল্পী বিনিময় কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সংস্কৃতিমন্ত্রী ২০১৩ সালে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়া দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রদূত জানান, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে অগ্রগতি হবে।
নিতাই রায় চৌধুরী যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান। একই সঙ্গে আসন্ন নজরুলবর্ষের বিভিন্ন আয়োজনে অংশ নিতে মার্কিন রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান তিনি।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সংরক্ষণ ও অনুবাদ নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস নজরুলের সাহিত্যকর্ম সংগ্রহ ও সংরক্ষণে আগ্রহী।
বৈঠক শেষে সংস্কৃতিমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা আরও বাড়ানোর আশা প্রকাশ করেন।
মন্তব্যসমূহ