পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানের বিরুদ্ধে ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভকে কেন্দ্র করে দায়ের করা মামলার রায় ঘোষণা আবারও পিছিয়েছে। রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত মামলাটির সংরক্ষিত রায় ঘোষণার জন্য আগামী ১৬ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে ষষ্ঠবারের মতো রায় ঘোষণা স্থগিত করা হলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক আমজাদ আলী শাহ নতুন কোনো বিচারিক কার্যক্রম পরিচালনা ছাড়াই রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন। এদিন আদালতে আলিমা খানের পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী ফয়সাল মালিক।
এর আগে গত ২২ সেপ্টেম্বর মামলাটির শুনানি শেষে রায় সংরক্ষিত রাখা হয়। রায় ঘোষণার জন্য প্রথমে ২৫ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছিলেন আদালত। কিন্তু বিচারক ছুটিতে থাকায় নির্ধারিত দিনে রায় ঘোষণা করা সম্ভব হয়নি। পরে ১ অক্টোবর নতুন তারিখ দেওয়া হয়।
এরপরও একাধিকবার রায় ঘোষণার তারিখ পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার আবারও তা পিছিয়ে আগামী ১৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
এর আগে আলিমা খানের আইনজীবী বিচারপ্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তার অভিযোগ, আসামিপক্ষের যুক্তিতর্ক যথাযথভাবে না শুনেই আদালত মামলার রায় সংরক্ষিত রেখেছেন। নিজের বক্তব্য ও যুক্তি উপস্থাপনের পর্যাপ্ত সুযোগ পাননি বলেও দাবি করেন তিনি।
এদিকে গত সেপ্টেম্বরে ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি পদযাত্রার আগে আলিমা খানকে জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ ধারায় আটক করা হয়। বর্তমানে তিনি লাহোরের কোট লাখপত কারাগারে বন্দী রয়েছেন।
আলোচিত মামলাটি পাকিস্তানে ‘২৬ নভেম্বরের বিক্ষোভ মামলা’ হিসেবে পরিচিত। ২০২৪ সালের ২৬ নভেম্বর ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করে পিটিআই।
ওই সময় রাজধানীতে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা ও কঠোর নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকলেও তা উপেক্ষা করে ১০ হাজারের বেশি পিটিআই সমর্থক ইসলামাবাদে প্রবেশ করেন।
বিক্ষোভকারীদের রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ ঠেকাতে প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
বিশেষ করে ইসলামাবাদের রেড জোন এলাকায় দিনভর উত্তেজনা ও সংঘর্ষ চলে। পরিস্থিতির অবনতি হলে পিটিআই নেতৃত্ব পিছু হটার সিদ্ধান্ত নেয় এবং পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়।
এসব ঘটনার পর পাকিস্তান দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারায় পিটিআইয়ের একাধিক নেতার বিরুদ্ধে মামলা করা হয়।
তক্ষশীলা থানায় দুটি এবং সাদিকাবাদ ও নাসিরাবাদ থানায় একটি করে মামলা নথিভুক্ত হয়। এর মধ্যে সাদিকাবাদ থানায় দায়ের করা মামলায় আলিমা খানসহ আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
২০২৪ সালের বিক্ষোভকে ঘিরে দায়ের করা এই মামলার রায় ঘোষণার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর এখন আগামী ১৬ ডিসেম্বর আদালত সংরক্ষিত রায় ঘোষণা করবেন কি না, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।
সূত্র : ডন।














মন্তব্যসমূহ