অতীতে রাজনৈতিক কারণে দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। চিকিৎসকদের এভাবে রাজনীতির শিকার হওয়ার ঘটনাকে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস।
দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের তুলনায় পিছিয়ে নেই। তাঁদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।
তবে অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেক দক্ষ চিকিৎসককে যথাযথভাবে কাজে লাগানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক কারণে চিকিৎসকদের পেশাগত দক্ষতা ব্যবহারের সুযোগ সীমিত হওয়া অত্যন্ত দুঃখজনক।
দেশের স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা আব্বাস বলেন, বিপুল জনসংখ্যার তুলনায় বাংলাদেশে চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয়। মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও বেশি দক্ষ চিকিৎসক তৈরি করা প্রয়োজন।
দেশের মানুষকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যেও কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
মির্জা আব্বাস জানান, চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানো এবং দেশে আরও চিকিৎসক তৈরির বিষয়ে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
অনুষ্ঠানে ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফিজিক্যাল মেডিসিনের ইউনিটগুলোকে আরও কার্যকর করার আহ্বান জানান। পাশাপাশি এসব ইউনিটের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।














মন্তব্যসমূহ