ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৫০টি পোশাক কারখানায় কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রমিকদের কর্মবিরতির পর শনিবার (১৪ নভেম্বর) সকালে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আরও ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
শনিবার সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকালে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হয়ে হাজিরা দেন। তবে কাজে যোগ না দিয়ে তারা কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
এভাবে শনিবার সকালে অন্তত ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়। অন্যদিকে শিল্পাঞ্চলের আরও ৪০টি কারখানা আগে থেকেই বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে সকালে শ্রমিকদের কর্মবিরতির পর ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৪০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।














মন্তব্যসমূহ