২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট আবেদন এবং বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে নতুন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। বিবিসির তথ্য অনুযায়ী, দিল্লিতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর হয়ে উঠছে এবং তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লি দুটি প্রধান শর্ত সামনে রেখে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর স্থগিত করা হয়েছিল। সম্প্রতি লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে দাবি করেছে, বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিল অনুযায়ী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে, গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে। ভারতের নীতিনির্ধারকদের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক সমাধান হতো যদি শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার বিভিন্ন দেশের সঙ্গে দিল্লি এ নিয়ে যোগাযোগ করলেও নানা কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়া এবং সেখানে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। এছাড়া বাংলাদেশে দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও তাঁর দেশে ফেরার কোনো বিকল্প নেই বলে মনে করেন দিল্লির নীতিনির্ধারকরা।
দিল্লির সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন যে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রধান শর্ত মূলত দুটি—
প্রথমত, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর এয়ারক্র্যাফটে চড়ে ভারতে গিয়েছিলেন; তাই তাঁকে ফিরিয়ে নিতে হলে সেই প্রক্রিয়াটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই সম্পন্ন করতে হবে। এই হস্তান্তর আকাশপথে সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে হতে পারে, কিংবা স্থল সীমান্তের কোনো পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের মাধ্যমেও হতে পারে। এর জন্য দিল্লির পক্ষ থেকে প্রয়োজনীয় ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন করতে ভারত প্রস্তুত রয়েছে।
দ্বিতীয়ত, শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়—বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে। তবে এই শর্তটিকে যাতে বাংলাদেশের নিজস্ব বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারে ভারত অত্যন্ত সতর্ক অবস্থান বজায় রাখছে এবং এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না।
এ প্রসঙ্গে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, “আমরা কখনোই জেনেবুঝে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।” পাশাপাশি ওই বিচার প্রক্রিয়া যাতে আন্তর্জাতিক বিশ্ব এবং বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে অনুষ্ঠিত হয়, সেটিও ভারত নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ প্রশস্ত করতে দিল্লি গত কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।














মন্তব্যসমূহ