বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে চারটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর দাবি, নিষিদ্ধ ঘোষিত নৌপথ দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একটি বিশাল সুপারট্যাংকারও রয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
ইরানি সামরিক বাহিনীর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলের বিষয়ে আগেই জাহাজগুলোকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে নিয়ন্ত্রিত জলপথে প্রবেশ করায় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি তেহরানের।
১২ নভেম্বর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের সামরিক বাহিনী চারটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের খবর দিয়েছে। এর মধ্যে বুধবার দুটি সুপারট্যাংকার এবং বৃহস্পতিবার আরও দুটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিল ইরানি কর্তৃপক্ষ।
ইরানের দাবি অনুযায়ী, কয়েকটি জাহাজ নৌচলাচলের সতর্কবার্তা উপেক্ষা করেছিল। এমনকি কিছু জাহাজের রাডার ও অবস্থান শনাক্তকরণব্যবস্থা বন্ধ থাকার কথাও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
তবে ক্ষতিগ্রস্ত সব জাহাজের নাম, কোন দেশের পতাকায় সেগুলো চলছিল এবং সংশ্লিষ্ট নাবিকদের অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) হরমুজ প্রণালিতে আরও দুটি তেলবাহী জাহাজ মাইনে আঘাত লেগে বিস্ফোরিত ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি করে আইআরজিসির নৌবাহিনী।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিরোধ চলছে। তেহরান জানিয়েছে, এই জলপথ ব্যবহার করতে হলে জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।
অন্যদিকে জাহাজে বিস্ফোরণের কারণ নিয়েও ভিন্ন তথ্য সামনে এসেছে। ইরানি কর্তৃপক্ষ যেসব ঘটনায় মাইন বিস্ফোরণের দাবি করেছে, সেগুলোর কয়েকটিতে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাতের তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।
হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়েও কঠোর অবস্থান জানিয়েছে তেহরান। চলতি সপ্তাহের শুরুতে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফ বলেন, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না।
তাঁর বক্তব্য অনুযায়ী, ইসলামাবাদ স্মারকপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাবি যুক্তরাষ্ট্র মেনে নিলেই কেবল জলপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে ইরান।
হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব অত্যন্ত বেশি।
ফলে প্রণালিতে একের পর এক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র : আল জাজিরা














মন্তব্যসমূহ