বর্ষীয়ান বলিউড অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির স্বামী ও চলচ্চিত্র প্রযোজক জয়ন্ত মুখার্জি মারা গেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে মুম্বাইয়ের খার এলাকায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০-এর কোঠার শেষ দিকে।
দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন জয়ন্ত মুখার্জি। সাম্প্রতিক কয়েক মাসে তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বিএন তিওয়ারি বার্তা সংস্থা পিটিআইকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বয়সজনিত শারীরিক জটিলতায় নিজ বাড়িতেই মারা গেছেন জয়ন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শারীরিক অবস্থার অবনতি হলে জয়ন্তকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে বাসায় নিয়ে আসেন। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী মৌসুমী চ্যাটার্জি ও ছোট মেয়ে মেঘা মুখার্জি।
জয়ন্ত মুখার্জি ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত কুমারের ছেলে। পারিবারিক সূত্রে সংগীত ও চলচ্চিত্রজগতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাবার মতো ব্যাপক পরিচিতি না পেলেও চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
চলচ্চিত্রজীবনে ‘মজাক’ (১৯৭৫) ও ‘দো লাড়কে দোনো কড়কে’ (১৯৭৯)-এর মতো সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন জয়ন্ত। দুটি সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তাঁর স্ত্রী মৌসুমী চ্যাটার্জি। এ ছাড়া ১৯৯২ সালে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ‘তালাশ’-এর সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল।
সংগীতের প্রতিও জয়ন্তের আগ্রহ ছিল। বাবার পথ অনুসরণ করে ‘বিবি অউর মকান’ সিনেমার সংগীত বিভাগে কাজ করেছিলেন তিনি।
অন্যদিকে তাঁর বাবা হেমন্ত কুমার বাংলা ও হিন্দি সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় শিল্পী। ‘ইয়ে রাত ইয়ে চাঁদনি ফির কাহাঁ’, ‘না তুম হামে জানো’ এবং ‘তুম পুকার লো’র মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
মৌসুমী চ্যাটার্জি বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। পরে সত্তরের দশকে হিন্দি সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা পান। ‘অনুরাগ’, ‘রোটি কাপড়া অউর মাকান’, ‘মাঞ্জিল’ এবং ‘ঘর এক মন্দির’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।
১৯৭২ সালে জয়ন্ত মুখার্জির সঙ্গে বিয়ে হয় মৌসুমীর। সে সময় অভিনেত্রীর বয়স ছিল মাত্র ১৫ বছর। তাঁদের দাম্পত্য জীবন পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলেছে।
এই দম্পতির দুই মেয়ে পায়েল ও মেঘা। ২০১৯ সালে বড় মেয়ে পায়েল মুখার্জি মারা যান। এরপর পরিবারের আরও একটি বড় শোকের ঘটনা ঘটল জয়ন্তের মৃত্যুতে।
এদিকে জয়ন্ত মুখার্জির স্মরণে আগামী রোববার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের খার ওয়েস্টের শ্রী খাটওয়ারি দরবারে একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ছোট মেয়ে মেঘা মুখার্জি এ তথ্য জানিয়েছেন।














মন্তব্যসমূহ