দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগে একটি করে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য উপকরণ সংগ্রহ, পৃথকীকরণ ও পুনরুদ্ধারে সারা দেশে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) গড়ে তোলার উদ্যোগ রয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের লক্ষ্যে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘প্রবৃদ্ধি কি বর্জ্য উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে?’ শীর্ষক আলোচনায় পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার বৈশ্বিক কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদের পুনর্ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বৃত্তাকার অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁর মতে, বর্জ্য কমানো ও ব্যবহৃত সম্পদ পুনরায় কাজে লাগানোর মাধ্যমে শুধু পরিবেশ সুরক্ষাই নয়, জনস্বাস্থ্য রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নও সম্ভব।
বিশ্বব্যাপী সম্পদের অপচয়ের চিত্র তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু জানান, প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি উপকরণ ও সম্পদ ব্যবহার করা হয়। অথচ এর ১০ শতাংশেরও কম পুনর্ব্যবহারের আওতায় আসে। উৎপাদন ও ভোগের এই ব্যবধান পরিবেশের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি মূল্যবান সম্পদের অপচয় ঘটাচ্ছে।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, বন্যার সময় পানি নিষ্কাশনব্যবস্থা ও বর্জ্য অপসারণ কেন্দ্রগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্য, জীবিকা এবং পরিবেশের ওপর। ফলে বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু অভিযোজন কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
পরিবেশমন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার ও পুনর্ব্যবহারকে উৎসাহিত করতে থ্রি-আর কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে।
প্লাস্টিক বর্জ্যের ক্ষেত্রে বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা বা ইপিআর কাঠামো তৈরি করা হয়েছে। একই ধরনের ব্যবস্থা ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির জন্যও প্রণয়নের কাজ চলছে।
চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় সরকারের একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, পরিবেশ অধিদপ্তর জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় সিরাজগঞ্জে একটি কেন্দ্রীয় চিকিৎসাবর্জ্য শোধনাগার স্থাপন করেছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃত্তাকার অর্থনীতিভিত্তিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কঠিন বর্জ্য, চিকিৎসাবর্জ্য, বস্ত্রবর্জ্য ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ রয়েছে সরকারের। এ ছাড়া পুনর্ব্যবহারযোগ্য উপকরণ পুনরুদ্ধারে দেশব্যাপী এমআরএফ স্থাপন এবং প্রতিটি প্রশাসনিক বিভাগে ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র তৈরির পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
তবে এসব অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন পরিবেশমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা না থাকলে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো দীর্ঘমেয়াদে কার্যকর হবে না।
প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু জানান, গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের (জিপিএপি) সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপিএপি) বাস্তবায়িত হচ্ছে।
প্রাথমিকভাবে এ উদ্যোগের লক্ষ্য ছিল দেশের প্লাস্টিক বর্জ্যের পরিস্থিতি মূল্যায়ন এবং একটি কর্মপরিকল্পনা তৈরি করা। তবে সরকার এখন আরও সমন্বিত কার্যক্রম গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।
এ লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের নিয়ে একটি সরকারি-বেসরকারি স্টিয়ারিং গ্রুপ গঠনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধে বিভিন্ন উদ্যোগের সমন্বয় এবং বাস্তবায়নের প্রতিবন্ধকতা চিহ্নিত করার কাজ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সম্ভাব্য আন্তর্জাতিক চুক্তি সামনে রেখে পরিচ্ছন্ন উৎপাদন, সম্পদের দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী।
বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে পৃথক আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ সহায়তার জন্য গঠিত ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের মতো বর্জ্য ব্যবস্থাপনা খাতেও বিশেষ অর্থায়ন কাঠামো থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন।
তাঁর মতে, এ ধরনের উদ্যোগে প্রথমে বর্জ্য উৎপাদন প্রতিরোধ এবং পরে ব্যবহৃত উপকরণ থেকে সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে।
বাংলাদেশে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক অর্থায়ন, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তার প্রয়োজন রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত আলোচনায় শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচনা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিড। এতে জার্মানির পরিবেশ, জলবায়ু কার্যক্রম, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক নিরাপত্তাবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. হাইকে হেনসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।














মন্তব্যসমূহ