জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ ও সংঘবদ্ধ সাইবার আক্রমণের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁর দাবি, জামায়াত-শিবিরের আক্রমণাত্মক আচরণের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন লেখেন, ‘সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ ওদের বিরুদ্ধে ভয়ে কথা বলে না। কিন্তু, অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও আমার মতো হাতেগোনা কয়েকজন ওদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।’
গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের কর্মকাণ্ড নিয়ে মানুষের ধারণা পরিবর্তিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হওয়ার পর সচেতন মানুষের কাছে ওদের সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে যে, ওদের আমির থেকে কর্মী সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। ওরা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না। ওরা সম্মিলিত সাইবার অ্যাটাক করে কাউকে থামিয়ে দিতে চেষ্টা করে।’
নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংঘবদ্ধভাবে অবস্থান নেওয়ার অভিযোগও তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তাঁর দাবি, দলটির বিভিন্ন বক্তব্য ও প্রচারণার বিরোধিতা করায় তিনি নেতাকর্মীদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন।
এ প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, ‘ঠিক আমি যখন একের পর এক ওদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছি, তখন জামায়াত-শিবিরের একদম টপ টু বটম নেতাকর্মী আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। যেটা জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায় যে, আমার দ্বারা ওদের মতো জান্নাতি দলের নির্মিত মিথ্যা ন্যারেটিভের কী পরিমাণ ক্ষতি হয়েছে।’
এ সময় জামায়াতের কয়েকজন নেতার বিরুদ্ধে আগের বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও সামনে আনেন তিনি।
রাশেদ খাঁন লেখেন, ‘বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য প্রমাণ তুলে ধরা এবং জামায়াত এমপি গাজী নজরুলের পর জামায়াতের আরেক এমপি আমির হামজার নারীঘটিত অনৈতিক কাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে।’
পোস্টের শেষাংশে জামায়াত-শিবিরের সামাজিক অবস্থান এবং ভবিষ্যৎ নিয়ে আরও কঠোর মন্তব্য করেন রাশেদ খাঁন।
তিনি লেখেন, ‘একটু খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। সভ্য সমাজের সচেতন মানুষ ওদের সঙ্গে মেশে না। ওরা ওদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে। বিরোধীদল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, দেখবেন, একটা সময় আসবে যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।’














মন্তব্যসমূহ