পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এই দুই নগরীর ওপর কোনো ধরনের হুমকি তৈরি হলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না। তবে আলোচিত ‘মক্কা প্যাক্ট’ বা জোটে বাংলাদেশ এখনো যোগ দেয়নি। ফলে বর্তমানে সৌদি আরবে সেনা পাঠানোর কোনো প্রশ্ন নেই।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মক্কা ও মদিনাকে বিশ্বের মুসলমানদের ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পবিত্র এই দুই নগরীর নিরাপত্তা কেবল কূটনৈতিক সম্পর্কের বিষয় নয়। এর সঙ্গে বিশ্বের কোটি কোটি মুসলমানের আবেগ জড়িয়ে রয়েছে।
বাংলাদেশ আলোচিত মক্কা জোটে যুক্ত হচ্ছে কি না এবং সৌদি আরবের অনুরোধে সেনা পাঠানো হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ এখনো মক্কা জোটে যোগ দেয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার পরই সৈন্য পাঠানোর প্রশ্ন আসে। যেহেতু বাংলাদেশ এখনো যোগ দেয়নি, তাই এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্নই নেই। তবে সৌদি আরবের এই কঠিন সময়ে আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’
তিনি জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। সৌদি আরবের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও দেশের মানুষের সংহতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে সৌদি আরবের প্রধান তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার পর বাংলাদেশের জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাব নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের জ্বালানি খাতে বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা দেখছে না সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফর করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
সরকারের আগাম প্রস্তুতির কারণে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হবে না বলে আশা প্রকাশ করেন শামা ওবায়েদ।
অন্যদিকে, গত শনিবার সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানান শামা ওবায়েদ।
মন্তব্যসমূহ