ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের তথ্য চেয়ে চিঠি, এখনো জবাব দেয়নি সৌদি আরব

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত তথ্য চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালেও এখনো জবাব পায়নি বাংলাদেশ সরকার। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। এ জন্য দেশটিতে বাংলাদেশের কূটনৈতিক মিশন যোগাযোগ চালিয়ে যাচ্ছে।তাঁর আশা, শিগগিরই সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।সৌদি সরকারের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া গেছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘না, কাজ চলছে। কাজ চলছে, সময় লাগবে, সময় লাগছে। তো আমরা আশা করছি যে, সৌদি সরকারের কাছ থেকে আমরা দ্রুত কিছু খবর পাব।’এর আগে গত ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে সৌদি পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানো হয়।চিঠিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির পরিচয়, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিচারিক কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়।তবে সোমবার পর্যন্ত সৌদি সরকারের আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে জানান প্রতিমন্ত্রী।গত ১৪ অক্টোবর মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে সৌদি কর্তৃপক্ষ।সৌদি আরবের প্রকাশিত তথ্য অনুযায়ী, একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।তবে বাংলাদেশ সরকারের বক্তব্য অনুযায়ী, ওই দুই ব্যক্তির বিচারপ্রক্রিয়া কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনকে বিষয়টি অবহিত করা হয়নি বলেও জানায় ঢাকা।ফলে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হওয়ার পর বিস্তারিত জানতে কূটনৈতিক উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার।জেদ্দা থেকে সৌদি পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানোর পর ১৮ অক্টোবর ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।সেই বৈঠকে আগের কূটনৈতিক চিঠির একটি অনুলিপি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।এ সময় মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে অবহিত না করার বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়।তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং চিঠি গ্রহণের পরও সোমবার পর্যন্ত সৌদি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক উত্তর আসেনি।বাংলাদেশের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের পেছনের অভিযোগ, বিচারিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়সহ বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে।দেশটির আদালতে কীভাবে বিচার সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ মিশনকে কেন আগাম জানানো হয়নি, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চায় ঢাকা।তবে সৌদি কর্তৃপক্ষের জবাব না পাওয়ায় বিচারপ্রক্রিয়ার পূর্ণাঙ্গ বিবরণ এখনো বাংলাদেশ সরকারের কাছে নেই।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের তথ্য চেয়ে চিঠি, এখনো জবাব দেয়নি সৌদি আরব