জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির শীর্ষ পাঁচ নেতা এবং প্রায় দুই ডজন কেন্দ্রীয় নেতা জামালপুরে যাচ্ছেন।
সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার, ২৩ জুলাই জামালপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশে অংশ নেবেন তারা।
কেন্দ্রীয় প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালে নেতারা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানে পূর্বনির্ধারিত অনুষ্ঠান শেষে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে জেলা এনসিপির পদযাত্রায় অংশ নেবেন।
জামালপুর জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শীর্ষ পাঁচ নেতার পাশাপাশি কেন্দ্রীয় কমিটির প্রায় দুই ডজন নেতা জামালপুরের সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেবেন।
বিকেল ৫টায় জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে জুলাই পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি শহরের ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হবে।
এরপর বিকেল সাড়ে ৫টায় ফৌজদারি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কর্মসূচি নিয়ে বক্তব্য দেবেন।
অ্যাডভোকেট শামীম জানান, কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পদযাত্রা ও সমাবেশে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।