চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ সতর্কবার্তা দেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, অক্টোবরের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে।
ড. এ এম এ মুহিত বলেন, গত বছরের তুলনায় এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী দিনগুলোতে জনগণকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি জানান, ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচার চালানো হবে।
ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সব ধরনের প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকায় মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু সরকারের দায়িত্ব নয়। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং প্রতিরোধমূলক কাজে যুক্ত হতে হবে।