দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, একদিকে দেশে তেল ও গ্যাস সংকটের কথা বলা হচ্ছে, অন্যদিকে হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। এত গাড়ি কীভাবে চলছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত জ্বালানি খরচ করে কর্মসূচি না করে সংসদে এসে নিজেদের দাবি তুলে ধরা। আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমেই জাতীয় সমস্যার সমাধান সম্ভব।
জ্বালানি পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী না করে শামা ওবায়েদ বলেন, আগের সরকারের সময়ে জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রভাব এখনো মোকাবিলা করতে হচ্ছে। অল্প সময়ে দীর্ঘদিনের সমস্যা সমাধান করা সম্ভব নয়।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে।
সারের সংকট নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। এ ধরনের প্রচারণা কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা।
শামা ওবায়েদ আরও বলেন, গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত রয়েছে। দেশের সমস্যা সমাধানে সংঘাত নয়, গঠনমূলক রাজনীতি প্রয়োজন।
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।