আফ্রিকা কোয়ালিফায়ার ডিভিশন-১ এর ফাইনালে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৭-এর মূল পর্বে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া।
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের প্রতিনিধি হিসেবে খেলবে দলটি।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯৮ রান সংগ্রহ করে নাইজেরিয়া। দলের অধিনায়ক ক্রিস্টাবেল চুকউওনই সর্বোচ্চ ২১ রান করেন। এছাড়া বিউটি ওগুয়াই ১৯ এবং জেসিকা বায়েনি ১৫ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে বোলিংয়ে ক্রিস্টিন মুতাসা দুটি উইকেট এবং তাদিওয়ানাশে গারুতসা একটি উইকেট নেন।
জবাবে ৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। সালাম মুসেকা ২৭, বেথেল জিনিয়ামা ২১ এবং নিকোলেট নিকার ১৮ রান করে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন।
তবে নাইজেরিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৪ রানের জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে নাইজেরিয়া।
নাইজেরিয়ার হয়ে উসেন পিস দুর্দান্ত বোলিং করে ৩টি উইকেট নেন। এছাড়া জেনিফার গডউইন ও অ্যানয়েন্টেড আখিগবে দুটি করে উইকেট তুলে নেন।
এদিকে টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জন করেছে উগান্ডা। স্থান নির্ধারণী ম্যাচে তারা রুয়ান্ডাকে ৭ উইকেটে পরাজিত করে।
আয়োজক তানজানিয়া কেনিয়াকে ২৯ রানে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করে। অন্যদিকে মালাউইকে ৯ উইকেটে হারিয়ে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে নামিবিয়া।