বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকাল ১০টার দিকে বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালের তীরে পৌঁছান তিনি। সেখানে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
এ সময় খালের পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তারেক রহমানও হাত নেড়ে উপস্থিত গ্রামবাসীর শুভেচ্ছার জবাব দেন।
কর্মসূচিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রীও একটি গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না। এ কর্মসূচির আওতায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। প্রতিটি চারার নিয়মিত যত্ন নিতে হবে।
তিনি বলেন, একটি শিশু জন্ম নেওয়ার পর যেভাবে যত্ন নেওয়া হয়, একইভাবে নতুন রোপণ করা চারাগুলোরও প্রতিদিন পরিচর্যা করতে হবে।
বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। সেখানে পরিবারের নারীপ্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর।
গৌরনদীর কর্মসূচি শেষে সড়কপথে বরিশাল নগরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।














মন্তব্যসমূহ