ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলার মধ্যেই দেশটির কয়েকটি এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কেশম দ্বীপ ও হরমুজ প্রণালি সংলগ্ন খার্গ দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে প্রথমে সিরিক ও কেশম দ্বীপ এলাকায় বিস্ফোরণের খবর আসে। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।
ইরানি বার্তা সংস্থা আইআরআইবির তথ্য অনুযায়ী, সিরিক এলাকায় হামলায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য মিনাব হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিরিকের মাছ ধরার জেটি ও বাণিজ্যিক জেটি লক্ষ্য করে হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, মঙ্গলবার ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে ইরানের বিভিন্ন অবকাঠামোয় হামলা চালানো হচ্ছে বলে জানায় তারা।
সেন্ট্রাল কমান্ড বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগকে বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এদিকে বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোকানুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তার মরদেহবাহী কফিন সেখানে নেওয়া হবে। এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
ইরাকে খামেনির জানাজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শিয়া মুসলিমদের কাছে খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।
সূত্র: আলজাজিরা
মন্তব্যসমূহ