জাহাজ ভাঙা শিল্পকে পরিবেশ সংরক্ষণ বিধিমালায় ‘লাল’ থেকে ‘কমলা’ শ্রেণিতে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও গবেষকরা। তাঁদের আশঙ্কা, শ্রেণি পরিবর্তনের ফলে পরিবেশগত ছাড়পত্র এবং দূষণ নিয়ন্ত্রণের শর্ত শিথিল হলে উপকূলীয় বনাঞ্চল, মাটি, পানি, সামুদ্রিক জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য আরও বড় ঝুঁকির মুখে পড়বে।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম আয়োজিত ‘জাহাজ ভাঙা শিল্পের নীতিমালা পরিবর্তনে পরিবেশগত ঝুঁকি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব উদ্বেগ তুলে ধরেন।
সেমিনারে উপস্থাপিত পাঁচটি প্রবন্ধে জাহাজ ভাঙার কাজে সৃষ্ট দূষণ, শ্রমিকদের নিরাপত্তা এবং উপকূলীয় বাস্তুতন্ত্রের ওপর এর প্রভাব বিশ্লেষণ করা হয়। বক্তারা বলেন, অর্থনীতিতে এ শিল্পের অবদান থাকলেও এর কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতি উপেক্ষা করা যায় না। জাহাজ ভাঙার সময় নির্গত তেল, বিষাক্ত বর্জ্য, ভারী ধাতু ও অন্যান্য ক্ষতিকর পদার্থ মাটি, পানি এবং সামুদ্রিক পরিবেশ দূষিত করছে। পাশাপাশি শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এ অবস্থায় নিয়ন্ত্রণ শিথিল না করে শিল্পটির ওপর আরও কঠোর নজরদারি প্রয়োজন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন তাঁর প্রবন্ধে উপকূলীয় সবুজ বেষ্টনী রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, জাহাজ ভাঙা শিল্পের সম্প্রসারণে উপকূলীয় বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়বে। এ কারণে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা হিসেবে সবুজ বেষ্টনী সংরক্ষণে কঠোর উদ্যোগ নেওয়া জরুরি।
প্রকৌশলী দেলোয়ার মজুমদার তাঁর উপস্থাপনায় শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও জনস্বাস্থ্যের ঝুঁকির দিকগুলো তুলে ধরেন। তাঁর মতে, জাহাজ ভাঙার কাজে নিয়োজিত ব্যক্তিরা বিভিন্ন দুর্ঘটনা ও স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকিতে থাকেন। বিপজ্জনক বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না হলে আশপাশের জনবসতি ও পরিবেশেও দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, উপকূলীয় জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবেশবিদ এবং গবেষকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
চবির মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফীকুল ইসলাম ‘জাহাজ ভাঙা শিল্পকে লাল থেকে কমলা শ্রেণিতে পুনর্বিন্যাস : মৃত্তিকা, পানি ও উদ্ভিদের ওপর ক্রমবর্ধমান ঝুঁকি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সতর্ক করেন, শ্রেণি পরিবর্তনের ফলে পরিবেশগত ছাড়পত্রের শর্ত ও নিয়ন্ত্রণব্যবস্থা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে মাটি, পানি ও উদ্ভিদকুলে দূষণের বিস্তার ঘটতে পারে। এ বিষয়ে সরকারকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
অন্যদিকে, চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল সরোয়ার তাঁর প্রবন্ধে জাহাজ ভাঙা শিল্পের কারণে উপকূলীয় বাস্তুতন্ত্রের সংকট তুলে ধরেন। পরিবেশের ক্ষতি কমাতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে পরিবেশবান্ধব পদ্ধতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের সুপারিশ করেন তিনি।
সেমিনারে আলোচনার ভিত্তিতে বাপার সভাপতি অধ্যাপক মু. সিকান্দার খান ১০ দফা সুপারিশ উপস্থাপন করেন। এগুলোর মধ্যে রয়েছে জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, নির্ধারিত অঞ্চলে শিল্পের কার্যক্রম সীমাবদ্ধ রাখা, বাধ্যতামূলকভাবে সবুজ বেষ্টনী তৈরি, বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিটি জাহাজের বিপজ্জনক উপাদানের তালিকা (আইএইচএম) যাচাই। এ ছাড়া শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যৌথ ও স্বাধীন তদারকি, দূষণ পর্যবেক্ষণের তথ্য প্রকাশ, জনঅংশগ্রহণ এবং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বাপার সাধারণ সম্পাদক শ. ম. বখতিয়ার সেমিনারটি সঞ্চালনা করেন। অধ্যাপক মু. সিকান্দার খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থপতি জেরিনা হোসেন, স্থপতি মিজানুর রহমান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান, ইপসার প্রধান পরামর্শক মোহাম্মদ আলী শাহিন এবং নোবডি সামবডির সভাপতি ফয়েজ উদ্দিনসহ অন্যরা।
বক্তারা মনে করেন, অর্থনৈতিক অগ্রগতির জন্য শিল্পায়ন জরুরি হলেও তা যেন পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের ক্ষতির বিনিময়ে না হয়। জাহাজ ভাঙা শিল্পে পরিবেশ সংরক্ষণ, শ্রমিকদের নিরাপত্তা এবং দূষণ নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।














মন্তব্যসমূহ