পাকিস্তানে পেট্রলের দাম লিটারপ্রতি ১ রুপি কমানো হলেও ডিজেলের দাম বাড়ানো হয়েছে ২ রুপি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার প্রভাব বিবেচনায় নিয়ে নতুন এ মূল্য নির্ধারণ করেছে দেশটির সরকার।
পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওজিআরএ এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানিয়েছে। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, সংশোধিত মূল্য তালিকায় প্রতি লিটার পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে ৩২২ রুপি। অন্যদিকে, প্রতি লিটার হাইস্পিড ডিজেল (এইচএসডি) কিনতে গুনতে হবে ৩৫৭ রুপি।
ওজিআরএ জানিয়েছে, নতুন এ দাম আগামী ২৩ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের পরিবর্তনের প্রভাব দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নিজেদের ওয়েবসাইটে প্রতিদিন এসব পণ্যের মূল্য প্রকাশ শুরু করেছে ওজিআরএ।
এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির বাজার পরিস্থিতি বিবেচনায় প্রতিদিন দাম পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
সূত্র: জিও নিউজ।














মন্তব্যসমূহ