প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান মতপার্থক্য ও সমস্যাগুলো সংলাপ, পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধার মাধ্যমে সমাধানে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।বুধবার ইরাকের প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে)-এর প্রধান বাফেল তালাপানির সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থানের কথা জানান।পেজেশকিয়ান বলেন, ইরান ও ইরাকি কুর্দিস্তান অঞ্চলের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। এই অভিন্ন সম্পর্ক ও ঐতিহ্যের ভিত্তিতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।ইরানি প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিন্ন সম্পর্ক ও স্বার্থ বিদ্যমান। এসব অভিন্ন বিষয়কে কাজে লাগিয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার পথে এগিয়ে যাওয়া প্রয়োজন।বৈঠকে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ ও সংঘাত উসকে দেওয়ার অভিযোগ করেন। তার দাবি, এর মাধ্যমে দেশগুলোর সক্ষমতা দুর্বল করা এবং তাদের সম্পদ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।তিনি বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতা ও মতপার্থক্যের কারণগুলো কমাতে সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা জরুরি। কোনো গোষ্ঠীর যৌক্তিক দাবি থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধানের জন্য ইরান প্রস্তুত বলেও জানান তিনি।একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রতিবেশীসুলভ আচরণ করার আহ্বান জানিয়ে অতিরিক্ত দাবি ও অনুচিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন ইরানের প্রেসিডেন্ট।মুসলিম দেশগুলোর মধ্যে অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রয়েছে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সংলাপ ও ন্যায়বিচারের মাধ্যমে আঞ্চলিক বিভিন্ন সমস্যার সমাধানের পথ তৈরি করা সম্ভব।বৈঠকে পিইউকে প্রধান বাফেল তালাপানি ইরানকে ইরাকি কুর্দিস্তানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি দুই পক্ষের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।সূত্র: প্রেসটিভি