ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলার মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করলে রুশ প্রেসিডেন্টের ওপর যথেষ্ট চাপ তৈরি হয় না।
চীনে প্রস্তাবিত ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কী নামে ডাকা হবে, সেটি ট্রাম্পের নিজস্ব বিষয়। তবে ইউক্রেনের মানুষের কাছে পুতিন শত্রু ও খুনি। দিনরাত মানুষ হত্যার কারণে বিশ্বের অধিকাংশ মানুষের কাছেও তিনি খুনি হিসেবে বিবেচিত বলে মনে করেন জেলেনস্কি।
এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে হামলায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ জন। এ ছাড়া খারকিভে ১১ জন এবং রিভনেতে একজন আহত হয়েছেন।
এর আগে শুক্রবার কিয়েভ ও পশ্চিম ইউক্রেনে ব্যাপক হামলা চালায় রাশিয়া। ওই হামলায় শতাধিক ক্ষেপণাস্ত্র ও চার শতাধিক ড্রোন ব্যবহার করা হয়। এতে অন্তত নয়জন নিহত হন। জেলেনস্কি এ হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় রুশ হামলা হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের অবস্থানের কথাও সামনে এসেছে। শুক্রবার তিনি দাবি করেন, পুতিন যুদ্ধের অবসান চান এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সুসম্পর্ক ইতিবাচক।
এদিকে শুক্রবার ভোরে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। ঘটনাটিকে মস্কোর উসকানি হিসেবে অভিহিত করেছে ওয়ারশ। এর পরিপ্রেক্ষিতে ন্যাটো যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি।














মন্তব্যসমূহ