বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগামী ডিসেম্বরে ঢাকা সফরে আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। সম্ভাব্য সূচি অনুযায়ী, আনোয়ার ইব্রাহিম ৭ ডিসেম্বর দুই দিনের সফরে এবং মুইজ্জু ১৩ ডিসেম্বর তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছাতে পারেন।
ঢাকা, কুয়ালালামপুর ও মালের কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। তবে সফর দুটি এখনো চূড়ান্ত হয়নি।
সফরকালে বাংলাদেশের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি মালয়েশিয়ার সঙ্গে আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি দুই দেশে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আঞ্চলিক যোগাযোগ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা, রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক ফোরামে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও শীর্ষ পর্যায়ের বৈঠকে স্থান পেতে পারে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর ছিল গত জুনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। সেখানে তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে, গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। পরবর্তী সময়ে দুই নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এদিকে, ২০২৭ সালের শুরুর দিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিসানায়েকসহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি গত সপ্তাহে পৌঁছে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।














মন্তব্যসমূহ