অমর একুশে বইমেলা ২০২৭ পরিচালনা কমিটিতে প্রকাশকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সৃজনশীল বই প্রকাশক সমিতি, ঢাকা। সংগঠনটির অভিযোগ, প্রকাশনা শিল্পের প্রতিনিধিত্বকারী বিদ্যমান দুটি সমিতির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কমিটি গঠন করেছে বাংলা একাডেমি। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কমিটি পুনর্গঠনের আহ্বান জানিয়েছে তারা।
শনিবার সমিতির সভাপতি সাঈদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রকাশনা শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত সংগঠনগুলোকে আলোচনার বাইরে রেখে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের পরিচালনা কমিটি গঠন করায় বাংলা একাডেমির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও অংশীজনদের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ ছাড়া বইমেলার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, অমর একুশে ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত মেলার ঐতিহ্যের পরিপন্থী। বিশেষ একটি মহলকে সন্তুষ্ট করতে এবং বইমেলার ঐতিহ্য ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত কয়েকজন প্রকাশকের রাজনৈতিক ভূমিকা নিয়েও আপত্তি তুলেছে সমিতি। বিবৃতিতে অভিযোগ করা হয়, তাঁদের কারও কারও বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে ভূমিকা পালন, জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতা এবং আওয়ামী রাজনৈতিক বয়ান প্রচারের অভিযোগ রয়েছে।
সংগঠনটির বক্তব্য, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের দমন-পীড়নে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক পরিসর সংকুচিত হয়েছে। লেখক, প্রকাশক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নানা বাধার মধ্যে কাজ করতে হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর সাংস্কৃতিক অঙ্গনে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মুক্তচিন্তার পরিবেশ গড়ে ওঠার প্রত্যাশা তৈরি হয়েছে।
তবে কিছু মহলের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগপন্থী সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বলয়ের প্রভাব আবার প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে বিবৃতিতে দাবি করা হয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বইমেলার মতো জাতীয় আয়োজনে বিতর্কিত রাজনৈতিক ভূমিকার ব্যক্তিদের অন্তর্ভুক্তি উদ্বেগ তৈরি করছে বলেও উল্লেখ করা হয়।
সমিতির মতে, অমর একুশে বইমেলা কোনো পতিত ফ্যাসিবাদী মতাদর্শের পুনর্বাসনকেন্দ্র হতে পারে না। মুক্তচিন্তার লেখক, প্রকাশক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের সম্মিলিত সৃজনশীলতার পরিসর হিসেবে মেলার পরিচালনা কমিটিতে এমন ব্যক্তিদের রাখা প্রয়োজন, যাঁদের অবস্থান ও কার্যক্রম মেলার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিবৃতিতে বাংলা একাডেমির প্রতি তিনটি দাবি জানানো হয়েছে—অবিলম্বে ২০২৭ সালের বইমেলা পরিচালনা কমিটি পুনর্গঠন, প্রকাশকদের বিদ্যমান দুটি সমিতির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এবং প্রকাশনা শিল্পের প্রকৃত অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
জাতীয় এই সাংস্কৃতিক আয়োজনের মর্যাদা, গ্রহণযোগ্যতা ও সর্বজনীনতা রক্ষায় বাংলা একাডেমি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি বিশেষ রাজনৈতিক পক্ষের প্রভাবমুক্ত থেকে লেখক, প্রকাশক ও পাঠকের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক বইমেলা আয়োজনের আহ্বান জানানো হয়েছে।














মন্তব্যসমূহ