মাত্র এক ঘণ্টারও কম সময়ের শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চল। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি ধ্বংসস্তূপে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা।
স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৩টার দিকে রিও গ্রান্দে দো সুল অঙ্গরাজ্যের তুপানসিরিটা শহরে আঘাত হানে ঝড়টি। প্রায় ২০ হাজার মানুষের বসবাসের এই পৌর এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়ে প্রায় ১০০টি গাছ।
ঝড়ের ভয়াবহতা তুলে ধরে স্থানীয় গণমাধ্যমকে শহরটির মেয়র গুস্তাভো হার্টার বলেন, এমন দৃশ্য তিনি আগে কখনো দেখেননি; সবকিছু যেন সিনেমার দৃশ্যের মতো মনে হয়েছে। হাসপাতালের আশপাশে গাছ পড়ে যাওয়ায় চলাচলের পথ বন্ধ হয়ে যায়। শহরে প্রবেশের সড়কগুলোও গাছের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে। তাঁর ভাষায়, পুরো শহর যেন ধ্বংস হয়ে গেছে।
ঝড়ে হাসপাতালের ছাদও ভেঙে পড়ে। এ ঘটনায় সেখানকার ১১ জন রোগীকে অন্য স্থানে সরিয়ে নিতে হয়েছে। মেয়র জানান, ঝড়ের পর পুরো শহর বিদ্যুৎ ও পানির সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রিও গ্রান্দে দো সুল অঙ্গরাজ্য সরকার জানিয়েছে, ঝড়ের পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তুপানসিরিটা ছাড়াও অঙ্গরাজ্যের আরও ৩২টি পৌর এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। রাজ্যের সিভিল ডিফেন্সের সমন্বয়কারী লুসিয়ানো বোইরা রেডিও গাউচাকে জানান, একটি পৌর এলাকায় অনুষ্ঠান চলার সময় একটি ভবনের ছাদ ধসে পড়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
ব্রাজিলের আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৪ কিলোমিটারে পৌঁছেছিল। সিভিল ডিফেন্স ঝড়টিকে ‘সুপারসেল’ হিসেবে চিহ্নিত করেছে। এ ধরনের ঝড়ে বাতাসের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবাহ তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে এটি টর্নেডোর পূর্বাভাস দিতে পারে। তুপানসিরিটায় টর্নেডো আঘাত হেনেছিল কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ।
দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার স্থানীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার সমমূল্যের অর্থ বরাদ্দ করেছে। উল্লেখ্য, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রায়ই টর্নেডোর আঘাতের ঘটনা ঘটে।
সূত্র: এএফপি।














মন্তব্যসমূহ