সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে।
হুমায়ুন কবির আরও জানান, সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করতে পারেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। সরকার এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায়। ইতিবাচক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ এবং সৌদি ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরে আগ্রহ দুই দেশের সম্পর্কের গুরুত্বকে আরও স্পষ্ট করে। এর মাধ্যমে ঢাকা-রিয়াদ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
প্রধানমন্ত্রী কবে নাগাদ সৌদি সফরে যেতে পারেন জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আমন্ত্রণ এসেছে এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। তবে সময় এখনো নির্ধারিত হয়নি। আলোচনার মাধ্যমে তারিখ চূড়ান্ত হবে। গ্রীষ্মের পর সফরটি হতে পারে বলে জানান তিনি।
মন্তব্যসমূহ