আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) ৬২ বছরে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক জীবন ও প্রবাসে অবস্থানের পর চলতি বছর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
পারিবারিক পরিবেশেই তাঁর শৈশব কাটে। পড়াশোনা শুরু করেন ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক দর্শন ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়ন করেন তিনি। একই সময়ে তাঁর মা খালেদা জিয়া তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তারেক রহমান আনুষ্ঠানিক রাজনৈতিক জীবন শুরু করেন। পরে ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। সে সময় খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ওই নির্বাচনে পাঁচটি আসনেই বিজয়ী হন খালেদা জিয়া।
পরবর্তী সময়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা বাড়ে। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। বিএনপি এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিল।
২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেও বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাষ্ট্র পরিচালনার কাঠামোগত সংস্কারের পরিকল্পনা সামনে আনেন তারেক রহমান। তাঁর ঘোষিত ৩১ দফায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণতন্ত্র, জবাবদিহি এবং বিভিন্ন খাতের সংস্কারের প্রস্তাব তুলে ধরা হয়।
দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন তিনি।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তারেক রহমান। ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।
এরপর ১৭ ফেব্রুয়ারি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র পরিচালনায় সংস্কার, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলোকে সরকারের অগ্রাধিকারে রাখার কথা জানান তারেক রহমান।
নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক সহায়তার জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি এবং কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিঋণ ও সুদ মওকুফ, স্বাস্থ্যসেবায় হেলথ কার্ড, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং শিক্ষা খাতে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে সরকারের অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদনে।
শিক্ষার সুযোগ বাড়ানোর পরিকল্পনার মধ্যে রয়েছে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা এবং শিক্ষার্থীদের ক্রীড়া ও উদ্ভাবনমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি।
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে দুই হাজার কোটি টাকা ছাড় এবং ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগের কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
অর্থনৈতিক খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার খেলাপি ঋণ আদায় জোরদার করার বিষয়টি তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। ২০২৬ সালের জুনে তা কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়ায়।
একই সঙ্গে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ পাঁচ মাসে প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ, পোশাক রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবস্থান শক্তিশালী হওয়ার দাবি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
এদিকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল পুনঃখনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের সেবার সুযোগ বাড়াতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগও রয়েছে।
সরকারি ব্যয়ে মিতব্যয়িতা, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও প্রশিক্ষণ কমানো, সরকারি যানবাহন কেনায় বিধিনিষেধ এবং আর্থিক জবাবদিহি নিশ্চিত করার পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সীমিত গাড়িবহর ব্যবহার এবং তাঁর চলাচলের কারণে দীর্ঘ সময় সড়ক বন্ধ না রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
সংসদীয় কার্যক্রমেও সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে তারেক রহমান বহুত্ববাদী বাংলাদেশ গড়ার ধারণা সামনে এনেছেন। ‘রেইনবো নেশন’ নামে পরিচিত এই ভাবনায় ধর্ম, পরিচয় ও মতের পার্থক্য নির্বিশেষে নাগরিকদের শান্তি, মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন সামনে রেখে তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি সরকার পরিচালনায় নেওয়া উদ্যোগগুলোও আলোচনায় রয়েছে। তবে এসব কর্মসূচির পূর্ণ বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি প্রভাব নির্ভর করবে নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক কার্যক্রম এবং বাস্তব ফলাফলের ওপর।














মন্তব্যসমূহ