ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস সেমি-অ্যানুয়াল কনফারেন্স-২০২৬’-এর প্রতিনিধিদের সংসদ ভবন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছেন দেশের গণতন্ত্রকামী মানুষ ও ছাত্র-জনতা।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর প্রায় ২৪ বছর তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসনামলে পূর্ব বাংলার মানুষ নিপীড়নের শিকার হন।
তিনি স্মরণ করেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি পাকিস্তানি শাসকগোষ্ঠী। এর ধারাবাহিকতায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রূপ নেয়।
স্পিকার বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও গণতান্ত্রিক উত্তরণের পথ সহজ হয়নি। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে সামরিক ও স্বৈরাচারী শাসনের মুখোমুখি হতে হয়েছে দেশের মানুষকে।
তাঁর মতে, প্রতিবারই জনগণ নিজেদের অধিকার রক্ষায় রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা হয়েছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা বাস্তবায়নে কাজ করছে। একই লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করছে নির্বাচিত জাতীয় সংসদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান। স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) বর্তমান প্রেসিডেন্ট এবং চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর, শিক্ষাবিদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।














মন্তব্যসমূহ