রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ঐতিহাসিক এই রায় শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের প্রশ্নেও মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি করবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট।’
তিনি জানান, আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমার রাষ্ট্রের দায় নির্ধারণের বিষয়টিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ।
এর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আদালত সিদ্ধান্ত দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। এর মাধ্যমে দেশটি ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে থাকা আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
রায়ে ক্ষতিপূরণের বিষয়টি উঠে আসার কথাও উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও রায়ের ইতিবাচক প্রভাব থাকতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসা বাংলাদেশের জন্যও এ রায় গুরুত্বপূর্ণ। বিশেষ করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর প্রচেষ্টায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘শুধু প্রত্যাবাসন নয়, এই রায়ের মাধ্যমে একটা চাপ বা প্রেসার তৈরি হলো।’
রায়ের ক্ষতিপূরণসংক্রান্ত দিক এবং বাংলাদেশের জন্য সম্ভাব্য প্রভাব নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে এসব বিষয়ে বিস্তারিত কথা বলবেন।
আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে মিয়ানমারকে গণহত্যার ফলে রোহিঙ্গাদের যে ক্ষতি হয়েছে, তার প্রতিকার এবং প্রয়োজন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ ও পদ্ধতি পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণ করে দেওয়া এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ সরকার।














মন্তব্যসমূহ