নেত্রকোনার বারহাট্টা উপজেলা ও জেলা সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব হামলার খবর পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বারহাট্টা উপজেলা সদরসহ কয়েকটি গ্রামে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে নেত্রকোনা পৌর শহরে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
বারহাট্টায় হামলার শিকার ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেট। সেখানে একাধিক দোকানে ভাঙচুর চালানো হয়।
একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতে হামলা হয়। আমিরুলের ছোট ভাই দুলালের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান এবং হাসমত মোল্লার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
হামলা থেকে বাদ যায়নি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাদের বাড়িও। বারহাট্টা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ এবং রাজীব ও সেজান মোল্লার বাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে উপজেলার পাটলী এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমনের বাড়িতেও হামলা হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন সন্ধ্যার আগে নৈহাটি বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর দুর্বৃত্তরা আমিরুল ইসলাম ও তাঁর ভাইয়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ওসি চম্পক দাম জানিয়েছেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অন্য বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিষয়ে তিনি জানান, এসব ঘটনার সরাসরি খবর থানায় আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কয়েকটি ঘটনার কথা জানতে পেরেছেন। পরিস্থিতি বিবেচনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে রাত আনুমানিক ৯টার দিকে নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর বাড়িতে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হেলমেট পরা একদল ব্যক্তি বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, হামলার সময় বাড়িটিতে কেউ ছিলেন না।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।














মন্তব্যসমূহ