ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলা মোকাবিলায় সৌদি আরবে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষের অনুরোধে কয়েক মাস ধরেই মিসরীয় সামরিক সদস্যরা দেশটিতে অবস্থান করছেন। এবার সৌদির প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে সেই উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মিসরের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকারটি চলতি সপ্তাহে সম্প্রচারিত হয়। বুধবার (১১ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
আবদেলাত্তি জানান, সৌদি আরবে প্রতিরক্ষামূলক সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। গত ২৬ অক্টোবর দেশটির পার্লামেন্ট সেই প্রস্তাব অনুমোদন করে। এর ফলে সৌদি ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় প্রয়োজনীয় সামরিক সহায়তা দেওয়ার অনুমতি পেয়েছে মিসর সরকার।
তবে এই সিদ্ধান্তের আগেও সৌদি আরবে মিসরের সামরিক উপস্থিতি ছিল বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে থেকেই সেখানে মিসরীয় সামরিক সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সাক্ষাৎকারে আবদেলাত্তি বলেন, “সৌদি আরবের ভাই-বোনদের অনুরোধে আমাদের সামরিক উপস্থিতি সেখানে রয়েছে এবং আমরা তা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি।”
তিনি জানান, এই সামরিক উপস্থিতির মূল লক্ষ্য সৌদি আরবের প্রতিরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় সহায়তা করবে মিসর।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি ইসলামের দুই পবিত্র শহর মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পবিত্র স্থানসহ সংবেদনশীল স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা এই সামরিক সহযোগিতার অন্যতম উদ্দেশ্য।
তবে সৌদি আরবে অতিরিক্ত কতজন সেনা পাঠানো হবে কিংবা কী ধরনের সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। মিসরের কয়েকজন আইনপ্রণেতাও জানিয়েছেন, সামরিক উপস্থিতির সুনির্দিষ্ট পরিধি সম্পর্কে তাঁদের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এদিকে সৌদি আরবের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার ঘটনায় হুথি বিদ্রোহীদের দায়ী করে আসছে রিয়াদ। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, হুথিরা মক্কা ও মদিনা অঞ্চলেও হামলার চেষ্টা করেছে।
তবে মুসলমানদের দুই পবিত্র শহরকে লক্ষ্যবস্তু করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুথিরা। গোষ্ঠীটির দাবি, তাদের সামরিক অভিযান সৌদি আরবের সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
মিসরের সামরিক সহায়তার সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানিয়েছে হুথি নেতৃত্ব। হুথি আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি সৌদিকে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে উল্লেখ করেছেন।
তবে এই বক্তব্যের সঙ্গে একমত নন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেছেন, সৌদি আরবে মিসরের সামরিক তৎপরতা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। ইয়েমেনের ভূখণ্ডে হামলা চালানো কিংবা নতুন আক্রমণাত্মক অভিযানে অংশ নেওয়ার উদ্দেশ্যে সেনা মোতায়েন করা হচ্ছে না।
আবদেলাত্তি আরও জানান, ইয়েমেনের সংঘাত সমাধানে কূটনৈতিক উদ্যোগকেই গুরুত্ব দিচ্ছে কায়রো। সামরিক সংঘাতের পরিবর্তে উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা রাখার পক্ষে রয়েছে মিসর।
সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মিসরের এই সামরিক সহযোগিতা নতুন গুরুত্ব পেয়েছে। তবে মিসরীয় বাহিনীর ভূমিকা প্রতিরক্ষামূলক কার্যক্রমের মধ্যেই সীমিত থাকবে বলে দেশটির সরকার জানিয়েছে।
সূত্র : মিডলইস্ট মনিটর।














মন্তব্যসমূহ