যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি তিনতলা ভবন ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাত শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চালাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল চারটার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় বেডফোর্ড ও ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপ থেকে দুজনকে উদ্ধার করা হয়। পরে আরও কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, ধসে পড়া ভবনটির নিচতলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ভবনটির পাশের একটি একতলা স্থাপনা ভেঙে সেখানে খননকাজ চলছিল। ধসের পর ইট, কাঠ ও অন্যান্য নির্মাণসামগ্রী পাশের খননস্থলে গিয়ে পড়ে। তবে ওই নির্মাণকাজের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
ভবনধসের প্রভাবে পাশের আরেকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটির একটি দেয়াল ভেঙে যাওয়ায় ভেতরের শোবার ঘর ও আসবাবপত্র বাইরে থেকে দেখা যাচ্ছে।
এদিকে উদ্ধারকারীরা প্রশিক্ষিত কুকুরের সহায়তায় এবং হাতে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের খোঁজ করছেন। রাতেও আলো জ্বালিয়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে।
ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনার সময় ভবনটির ভেতরে ঠিক কতজন ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ঘটনার পর নিউইয়র্কের ভবন বিভাগের পরিদর্শকেরা আশপাশের স্থাপনাগুলোর কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা শুরু করেছেন। পাশাপাশি কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা জানতে তদন্ত চলছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং নিশ্চিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে আশ্বাস দেন।
অন্যদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার তদন্ত ও উদ্ধার কার্যক্রমে তাঁর প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সূত্র : এনবিসি নিউজ।














মন্তব্যসমূহ